সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক তামিল সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের বিদায়ী চলচ্চিত্র ‘জন নায়াগন’ মুক্তির প্রথম সাত দিনে বিশ্বব্যাপী ২৫৫ কোটি রুপি আয় করেছে। ছবিটি বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে, যদিও সপ্তাহের মাঝামাঝি সময়ে আয় কিছুটা কমেছে।
বক্স অফিসভিত্তিক ওয়েবসাইট স্যাকনিলকের তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে বুধবার (২৯ জুলাই) ভারতে ছবিটির আনুমানিক নেট আয় ৬ কোটি ১০ লাখ রুপি। এতে দেশটির বাজারে সিনেমাটির মোট নেট আয় ১৪৯ কোটি ৫০ লাখ রুপি হয়েছে। ভারতের মোট গ্রস আয় ১৭৪ কোটি ৬৩ লাখ রুপি পৌঁছেছে।
বর্তমানে ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে ১০ হাজার ৩৫৯টি শোতে প্রদর্শিত হচ্ছে ‘জন নায়াগন’। বুধবার তামিল সংস্করণের গড় আসন দখলের হার ছিল ২০ দশমিক ৭৫ শতাংশ। সকালবেলার শোতে ১৬ দশমিক ৬২ শতাংশ, দুপুরে ১৯ দশমিক ২৩ শতাংশ, সন্ধ্যায় ২৪ দশমিক ৩৮ শতাংশ এবং রাতের শোতে ২২ দশমিক ৭৭ শতাংশ আসন পূর্ণ ছিল।
রাজনৈতিক পটভূমির এই অ্যাকশনধর্মী সিনেমাটি পরিচালনা করেছেন এইচ. ভিনোথ এবং প্রযোজনা করেছেন ভেঙ্কট কে. নারায়ণা। এতে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিথা বাইজু, নাসার, প্রকাশ রাজ, গৌতম বাসুদেব মেনন, নারাইন ও প্রিয়ামণি।
বিজয়ের পূর্ণকালীন রাজনীতিতে মনোযোগ দেওয়ার আগে এটিই তার শেষ সিনেমা হিসেবে প্রচার করা হয়েছে। প্রথম সপ্তাহে ২৫৫ কোটি রুপি আয় করার পর দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি কতটা গতি ধরে রাখতে পারে, সেদিকেই নজর রয়েছে বক্স অফিস বিশ্লেষকদের।