পোকামাকড়ের সঙ্গে খুপরি ঘরে বসবাস করছেন জোহরা দম্পতি

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক যশোরের মনিরামপুর পৌর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া হরিহর নদীর তীরে একটি খুপরি ঘরে বসবাস করছেন হাফিজুর রহমান ও জোহরা বেগম দম্পতি। বাঁশের খুঁটির ওপর তৈরি এই ঘরটি পলিথিনের ছাউনি দিয়ে ঢাকা, যা প্রখর রোদ ও বৃষ্টিতে দুর্বিষহ হয়ে ওঠে।

তাদের দাবি, পরিবারটির নামে বরাদ্দ পাওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরটিতে বর্তমানে তাদের ছেলে সন্তান-সন্ততি বসবাস করছেন। ফলে বৃদ্ধ দম্পতিকে বাধ্য হয়ে নদীর তীরে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতে হচ্ছে। তারা সংশ্লিষ্ট দপ্তরে নতুন ঘরের জন্য একাধিকবার আবেদন করেছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি।

জোহরা বেগম জানান, তাদের ঘরে যাওয়ার কোনো নির্দিষ্ট রাস্তা নেই। ঝোপঝাড় ও দুর্গম পথ পেরিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়। তিনি বলেন, কুড়িয়ে আনা ভেজা লাকড়িতে আগুন ধরাতে কেরোসিন ব্যবহার করতে হয়, তা না হলে রান্না করা সম্ভব হয় না।

গত বছর হরিহর নদী খননের সময় তাদের পূর্বের ঘরটি ভেঙে ফেলা হয়। নতুন ঘর নির্মাণের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছেন এবং মাথা গোঁজার একটি নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top