সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি রিসোর্টে পুলিশের পরিচয় দিয়ে ডাকাতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, মুখোশধারী দুর্বৃত্তরা গভীর রাতে রিসোর্টে প্রবেশ করে কর্মচারীদের জিম্মি রেখে নগদ টাকা, মোবাইল ফোন, বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনা ঘটে বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর এলাকায় অবস্থিত গ্রিন গার্ডেন রিসোর্টে। রিসোর্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্রিন হাউজিং অ্যান্ড এনার্জি লিমিটেডের ম্যানেজার মানস মিস্ত্রী জানান, রাত ১২টার দিকে পাঁচ থেকে সাতজন মুখোশধারী ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে রিসোর্টের প্রধান ফটকে এসে বলেন, ‘ভেতরে আসামি আছে, গেট খুলুন।’
অভিযোগে বলা হয়, গেট খুলতেই রাতের নিরাপত্তাকর্মী ফেরদৌস মিয়াকে মারধর করা হয় এবং পরে তাকে অপর প্রহরী বিমল বড়ুয়ার কাছে নিয়ে যাওয়া হয়। এরপর ফেরদৌস মিয়া, তার স্ত্রী সুমাইয়া আক্তার মৌ, তাদের সন্তান এবং প্রহরী বিমল বড়ুয়াকে একটি কক্ষে আটকে রাখা হয়।
দুর্বৃত্তরা রিসোর্ট থেকে ২০টি বৈদ্যুতিক ফ্যান, একটি গ্যাসের চুলা, একটি ১২ ভোল্টের বড় ব্যাটারি, দুই প্রহরীর মোবাইল ফোন, নগদ ২৫ হাজার টাকা এবং বিদ্যুতের খুঁটি থেকে তিনটি ট্রান্সফরমার ও কেবল খুলে নিয়ে যায়। অভিযোগ অনুযায়ী, প্রায় দুই ঘণ্টা ধরে এ লুটপাট চলে।
মানস মিস্ত্রী জানান, ঘটনার রাতেই থানায় অভিযোগ করা হয়েছে। শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) হযরত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘গ্রিন গার্ডেন রিসোর্টে মালামাল চুরির একটি অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’