সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন ইস্যুতে বৈঠক করেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টায় বিরোধীদলীয় নেতার মিন্টো রোডের বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে জোটের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান আন্দোলনের প্রেক্ষাপটে ১১ দলীয় ঐক্যের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
এ বিষয়ে আগামী ৩ আগস্ট অনুষ্ঠিতব্য শীর্ষ নেতাদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়। সভায় সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের ওপর বিএনপির সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
বৈঠকে আগামী ৫ আগস্ট রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলের ঘোষিত কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এবং অন্যান্য নেতারা।