এলপিএলে সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জাফনা কিংসের শীর্ষস্থান দখল

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অলরাউন্ডার সাকিব আল হাসানের দুর্দান্ত পারফরম্যান্সে ক্যান্ডি রয়্যালসকে ২১ রানে পরাজিত করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে জাফনা কিংস। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে সাকিব ব্যাট হাতে ২২ রান এবং বল হাতে ৩ উইকেট নেন।

সাকিবের জন্য এটি ছিল এলপিএলের চলতি আসরে প্রথম উল্লেখযোগ্য ইনিংস। এর আগে পাঁচটি ম্যাচে তিনি ব্যাটিংয়ের সুযোগ পাননি। তবে এই ম্যাচে ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৬ বলে ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২২ রান করেন।

জাফনা কিংসের আরেক বাংলাদেশী ব্যাটার তাওহিদ হৃদয় ১৬ বলে ২১ রান করেন। ওপেনার কামিল মিশারার ৪৯ রানের ওপর ভর করে জাফনা কিংস নির্ধারিত ২০ ওভারে ২২১ রানের স্কোর দাঁড় করায়।

বল হাতে সাকিব প্রথম ওভারে ক্যান্ডির ওপেনার লাহিরু ইগালাগামাগেকে আউট করেন। এরপর তিনি কুশল পেরেরা এবং অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও সাজঘরে ফেরান। সাকিবের বোলিং স্পেল ছিল ৪ ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট।

এই জয়ের ফলে জাফনা কিংস ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছে। উল্লেখ্য, তারা ইতোমধ্যে টুর্নামেন্টের প্লে-অফ রাউন্ড নিশ্চিত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top