সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বাংলাদেশ জাতীয় হকি দলের নতুন নির্বাচক কমিটি বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে ঘোষণা করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পরপরই এশিয়ান গেমসকে সামনে রেখে চলমান জাতীয় হকি দলের ক্যাম্পে ছয়জন অভিজ্ঞ খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে নতুন নির্বাচক কমিটি।
নতুন নির্বাচক কমিটিতে সাজেদ এএ আদেল, আরিফুল হক প্রিন্স ও মাহবুব হারুন অন্তর্ভুক্ত রয়েছেন। হকি ফেডারেশনের অধীনে চলমান জাতীয় হকি ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন আবু সাঈদ নিপ্পন, মো. নাইম উদ্দিন, মো. শিশির, পুষ্পর খীসা মিমো, রাসেল মাহমুদ জিমি এবং শহিদুল হক সৈকত।
বাংলাদেশ হকি ফেডারেশনের সদস্য ও নির্বাচক আরিফুল হক প্রিন্স জানিয়েছেন, জরুরি সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। নির্বাচক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ান গেমসে বাংলাদেশের সেরা ফল নিশ্চিত করার লক্ষ্যে এই ছয় খেলোয়াড়কে ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শুক্রবার থেকে নতুন ডাক পাওয়া খেলোয়াড়রা রাজধানীর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে চলমান আনুষ্ঠানিক ক্যাম্পে যোগ দেবেন। এশিয়ান গেমসের চূড়ান্ত দল গঠনের লক্ষ্যে তারা অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে প্রস্তুতি নেবেন।
বাংলাদেশ হকি ফেডারেশন আশা করছে, সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দলটি এশিয়ান গেমসে বাংলাদেশের শক্তি বাড়াবে এবং প্রত্যাশিত সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।