প্রশ্নফাঁসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন প্রধানমন্ত্রী মোদি

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের পরীক্ষা ব্যবস্থা থেকে প্রশ্নফাঁস ও পরীক্ষা জালিয়াতি রোধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার সংসদে পরীক্ষা সংস্কার বিল পাস হওয়ার পর তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় এ কথা বলেন।

মোদি বলেন, “কোনো প্রশ্নফাঁস চক্র বা পেপার মাফিয়াকে ছাড় দেওয়া হবে না।” তিনি জানান, সরকারের লক্ষ্য দেশের পরীক্ষা ব্যবস্থা আরও স্বচ্ছ, নিরাপদ ও বিশ্বাসযোগ্য করা। এজন্য কঠোর আইন প্রয়োগের পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বহু বছর ধরে কেন্দ্র ও রাজ্যগুলোতে প্রশ্নফাঁস একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। তাই এই সংকট মোকাবিলায় শক্তিশালী আইনি ব্যবস্থা নেওয়া জরুরি ছিল।

তিনি বলেন, “ফাস্ট-ট্র্যাক আদালত গঠন, রাজ্যগুলোর পরামর্শ গ্রহণ এবং পরীক্ষা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করার জন্য আমরা ধারাবাহিকভাবে কাজ করছি।” মোদি জানান, নতুন আইনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান নিশ্চিত করা হয়েছে।

নতুন আইনকে দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়ম বন্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top