রৌমারীতে ভারতীয় গরুর নিলাম নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় গরুর নিলামকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জুলাই) রাতে উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) রৌমারী উপজেলা পরিষদ চত্বরে কাস্টমস কর্তৃপক্ষের উদ্যোগে ভারতীয় ১০টি গরুর নিলাম অনুষ্ঠিত হয়। নিলাম চলাকালে আধিপত্য বিস্তার ও প্রভাব খাটানোর কারণে বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা পরে মারামারিতে রূপ নেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা ব্যর্থ হয়। ছাত্রদলের শৌলমারী ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মিয়া বাদী হয়ে জামায়াতের ৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, নিলামে তার বড় ভাই ৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকায় গরু ক্রয় করেন এবং পরে জামায়াত নেতারা তাদের কাছে চাঁদা দাবি করেন।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর রৌমারী উপজেলা ‘আবু সাঈদ ইউনিট’-এর সভাপতি মো. মাহবুব আলমও পাল্টা অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেন, নিলাম কার্যক্রমে অনিয়মের প্রতিবাদ করায় তাদের ওপর হামলা করা হয়।

রৌমারী থানার ওসি কাওসার আলী জানান, উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top