রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল-সিন্ডিকেট ভাঙার উদ্যোগ ত্রাণমন্ত্রীর

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দালাল-সিন্ডিকেট ও অনিয়ম দূর করার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সভা শেষে হাসপাতালের দুটি ওয়ার্ড পরিদর্শন করেন ত্রাণমন্ত্রী। তিনি জানান, বর্তমানে ১২৪ জন কর্মী আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত থাকলেও তা হাসপাতালের চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। রংপুর চেম্বার অব কমার্স প্রতি মাসে ১০ জন কর্মীর সম্মানী বহনের আশ্বাস দিয়েছে এবং স্থানীয় সংসদ সদস্য মাহবুবার রহমান বেলাল আরও পাঁচজন কর্মীর ব্যয় বহন করবেন।

ত্রাণমন্ত্রী বলেন, হাসপাতালের দায়িত্বে থাকা কর্মচারীদের পরিচয়সূচক ভেস্ট পরিধান বাধ্যতামূলক করা হবে এবং রোগীদের সঙ্গে একজনের বেশি স্বজনকে থাকার অনুমতি দেওয়া হবে। তিনি জানান, হাসপাতালের সেবার মান বাড়াতে তিন ধাপে পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে আইসিইউ বেড সংখ্যা বাড়ানো এবং রোগীর স্বজনদের জন্য অ্যাটেনডেন্টের ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।

হাসপাতালের অনিয়মের বিষয়ে তিনি বলেন, লাশ পরিবহনে একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে এবং এ কারণে তালিকাভুক্ত অ্যাম্বুলেন্সের মাধ্যমে নির্ধারিত ভাড়ায় সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালকে সিসিটিভি নজরদারির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

ত্রাণমন্ত্রী আরও জানান, হাসপাতাল এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনকে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top