সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ইরান ও আর্মেনিয়া আঞ্চলিক বাণিজ্য এবং সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করতে ইরান-আর্মেনিয়া-জর্জিয়া করিডোর পুরোপুরি চালুর বিষয়ে একমত হয়েছে। দুই দেশের কর্মকর্তারা জানিয়েছেন, এই করিডোর কার্যকর হলে বাণিজ্যিক লেনদেন উল্লেখযোগ্যভাবে বাড়বে। খবর আইআরএনএর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আঞ্চলিক পরিবহন কূটনীতির অংশ হিসেবে আয়োজিত এক বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে আর্মেনিয়ার আঞ্চলিক প্রশাসন ও অবকাঠামো মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরমেন সিমোনিয়ান এবং ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী রেজা আকবারি অংশ নেন।
বৈঠকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা সড়কপথে পরিবহন সহযোগিতা সম্প্রসারণ, ট্রানজিট অবকাঠামো শক্তিশালী করা এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে আলোচনা করেন।
রেজা আকবারি জানান, দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ভিত্তিতে একটি সমঝোতা স্মারকের খসড়া প্রস্তুত করা হয়েছে। এতে অবকাঠামো উন্নয়ন, সীমান্তে চলাচলের প্রতিবন্ধকতা দূর এবং ট্রানজিট বহরের সক্ষমতা বাড়ানোর বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
আর্মেনিয়ার উপমন্ত্রী ক্রিস্টিনে গালেচিয়ান ইরানের সঙ্গে অর্থনৈতিক ও পরিবহন সহযোগিতা সম্প্রসারণকে স্বাগত জানিয়ে বলেন, দেশটিতে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের কর্মকর্তাদের বৈঠকে সমঝোতা স্মারকের বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করা হবে।