সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক কণ্ঠশিল্পী মিলানা মমিন দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে ফিরেছেন। সম্প্রতি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘তোমার কলরব’ শিরোনামের গানটি। গানটির কথাগুলো লিখেছেন সোমেশ্বর অলি এবং সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
মিলানা মমিন বলেন, ‘সংগীত আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। মাঝে কিছুটা সময় বিরতি নিয়েছিলাম ঠিকই, কিন্তু সবসময় মনের ভেতর সুর লালন করেছি। শ্রোতারা আমার কাছে যে ধরনের মানসম্মত গান প্রত্যাশা করেন, ঠিক তেমনই একটি কাজ নিয়ে ফিরেছি।’
তিনি ছায়ানটে নজরুল সংগীত বিভাগে ৬ বছর গান শিখেছেন এবং তার হাফ ডজনের বেশি মৌলিক গান প্রকাশিত হয়েছে। মিলানা জানান, এখন থেকে নিয়মিত গানে তাকে পাওয়া যাবে।
মিলানার ‘অপেক্ষার নাম’ গানটি ২০২২ সালে রিলিজ হয় এবং শ্রোতামহলে সাড়া ফেলে। এছাড়া তার অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে ‘গল্প থেকে গল্প’ ও ‘মনের দরজা’ উল্লেখযোগ্য।
মাত্র সাত বছর বয়সে মিলানা প্রথম মঞ্চে গান গেয়েছিলেন। প্রাতিষ্ঠানিক পড়াশোনার কারণে কিছু সময় গানের ভুবনে কম সক্রিয় থাকলেও বর্তমানে তিনি গানের প্রতি পূর্ণ মনোযোগ দিচ্ছেন।