সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর লিওনেল মেসি আবার অনুশীলনে ফিরেছেন। বুধবার ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামির অনুশীলন কেন্দ্রে যোগ দেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন ফুটবলার। তিনি সতীর্থ লুইস সুয়ারেসের সাথে হাসিমুখে অনুশীলন করেন।
বিশ্বকাপের পর মেসি এক সপ্তাহ রোজারিওতে পরিবারের সাথে কাটান। সেখানে তিনি অসুস্থ বাবা হোর্হে মেসির পাশে থাকেন। বিশ্বকাপে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত জয়লাভ করতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের অনুভূতি প্রকাশ করে লেখেন, ‘কষ্টটা বিশাল এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে।’
মেসি ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির হয়ে আবার মাঠে নামতে প্রস্তুত হচ্ছেন। তবে কোচ গুইয়েরমো হোয়োস জানিয়েছেন, মেসি ও রদ্রিগো দে পলকে মাঠে ফেরাতে তাড়াহুড়ো করা হবে না। তিনি বলেন, ‘বিশ্রাম খেলোয়াড়দের মানসিক ও শারীরিক পুনরুজ্জীবনের জন্য অপরিহার্য।’
ইন্টার মায়ামি ইতিমধ্যেই নতুন মৌসুমের যাত্রা শুরু করেছে এবং আগামী রোববার কলম্বাস ক্রুর বিরুদ্ধে ম্যাচ খেলবে। তবে মেসির মাঠে ফেরার দিনক্ষণ এখনও নিশ্চিত নয়। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার লিগস কাপের ম্যাচে আতলেতিকো সান লুইসের বিপক্ষে তাকে দেখা যেতে পারে।
মেসি অল-স্টার ম্যাচে অংশগ্রহণের জন্য মনোনীত হলেও বিশ্বকাপে খেলার কারণে তাকে এই আসর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বছর অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ার কারণে মেসি এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন।