ফরিদপুরের স্কুলে ভেঙে পড়া গাছ অপসারণে বিলম্ব, শিক্ষার্থীদের ঝুঁকি

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের সতের রশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেমিপাকা ঘরের উপর প্রায় চার মাস ধরে ভেঙে পড়ে আছে একটি বিশাল চাম্বল গাছ। গত ১৩ মে কালবৈশাখী ঝড়ে গাছটি ঘরের উপর ভেঙে পড়ার পর থেকে পাঠদান বন্ধ রয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, গাছটি ঘরের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত করেছে এবং এর ডালপালা বিদ্যালয়ের মাঠের একটি বড় অংশজুড়ে পড়ে রয়েছে। ফলে শিক্ষার্থীদের খেলাধুলার জায়গা সংকুচিত হয়ে গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গাছটি সরকারি হওয়ায় সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ছাড়া অপসারণ সম্ভব নয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে গাছটি পড়ে থাকায় বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীদের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত গাছটি অপসারণ এবং ক্ষতিগ্রস্ত ঘরটি মেরামতের দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রহমান বলেন, গাছটি অপসারণের জন্য সংশ্লিষ্টদের লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি জানান, গাছটি সরানো হলে শিক্ষার্থীদের পাঠদান সহজ হবে।

এ বিষয়ে সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, বন বিভাগকে অবগত করা হয়েছে এবং আশা করছেন দ্রুত গাছটি অপসারণ হবে। সদরপুর উপজেলা বন কর্মকর্তার (ভারপ্রাপ্ত) সুজন তালুকদার জানান, এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top