সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক অটোরিকশাচালক অপু বিশ্বাস (২৮) কে অজ্ঞান করে তার অটোরিকশা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অপুকে রাস্তায় ফেলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অপু বিশ্বাস বরিশালের আগৈলঝাড়া উপজেলার চাপাচুপা এলাকার শিরোমনি বিশ্বাসের ছেলে। তার ভাই শিশির বিশ্বাস জানান, শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে অপু নিজের অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। রাত ১০টার দিকে ফেসবুকের মাধ্যমে জানতে পারেন যে অপু অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
শিশির বিশ্বাস আরও জানান, অপু এখনও জ্ঞান ফেরেনি এবং তাকে কোথায় অজ্ঞান করা হয়েছে বা ছিনতাইয়ের শিকার হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
হাসপাতালের জরুরি বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার (স্যাকমো) জাহিদুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে অচেতন অবস্থায় অপুকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অপুর জ্ঞান ফেরার পর বিস্তারিত জানার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।