১৫ আগস্ট উপলক্ষে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেপ্তার

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক কুষ্টিয়ার ভেড়ামারায় ১৫ আগস্ট উপলক্ষে গোপনে নেতাকর্মীদের সংগঠিত করে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যান সোহেল রানা পবন এবং তার ভাই রুবেল মাহমুদ রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কুচিয়ামোড়া বাজারসংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল রানা পবন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিষিদ্ধ আওয়ামী যুবলীগের উপজেলা সহসভাপতি। তার ভাই রুবেল মাহমুদ রতন বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। ভেড়ামারা থানা সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন।

পুলিশের অভিযানের প্রেক্ষাপটে জানা যায়, ১৫ আগস্ট উপলক্ষে পবন ও রতন নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছিলেন। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালানো হয়।

কুচিয়ামোড়া ক্যাম্পের ইনচার্জ মো. আব্দুস সালাম বলেন, শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদের পাশে পবন ও রতনের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা খিচুড়ি রান্না করছিলেন। তাদের সংগঠিত হওয়ার খবর পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান বলেন, ‘তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন। সংগঠিত হওয়ার খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top