মির্জা ফখরুল এখনো বিএনপির মহাসচিব: সমাজকল্যাণমন্ত্রী

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো দলের মহাসচিবের দায়িত্বে রয়েছেন। সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য মির্জা ফখরুলকে প্রথমে প্রার্থিতা জমা দিতে হবে। নির্বাচন কমিশন তার প্রার্থিতা যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করার পর নির্বাচন অনুষ্ঠিত হবে। শপথ নেওয়ার আগ পর্যন্ত পদত্যাগের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো দলের মহাসচিব, মন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মির্জা ফখরুলের পদত্যাগ নিয়ে যে গুঞ্জন রয়েছে, সে বিষয়ে সাংবাদিকদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

এদিকে, গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তিনি পদত্যাগ করেছেন।

ডা. জাহিদ হোসেন মির্জা ফখরুলের পদত্যাগের খবরকে ‘গুঞ্জন’ হিসেবে উল্লেখ করে বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট ও শপথের আগে তার পদত্যাগের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top