ময়মনসিংহে রাব্বিকে হত্যা: প্রধান অভিযুক্ত খালেক গ্রেপ্তার

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় মোহাম্মদ রাব্বি (২৫) নামে এক কম্পিউটার দোকানের কর্মীকে হত্যা করার অভিযোগে আবদুল খালেক (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। বৃহস্পতিবার রাতে নগরের রঘুরামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খালেক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে র‍্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান এসব তথ্য জানান।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার দুপুরে মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে রাব্বির ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। আত্মরক্ষার্থে তিনি পাশের একটি দোকানে আশ্রয় নেন, কিন্তু হামলাকারীরা সেখানে ঢুকে রাব্বিকে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় খালেককে আট ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়। খালেক দাবি করেন, ২০১৮ সালে রাব্বির পক্ষের লোকজনের হামলায় তার বাবা গুরুতর আহত হন, যার প্রতিশোধ নিতে তিনি রাব্বিকে হত্যা করেছেন।

এ ঘটনায় নিহতের বাবা মোবারক হোসেন ভুটু বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top