রোমে হত্যাকাণ্ডের শিকার বাবুল ও তার স্ত্রী-সন্তানের মরদেহ দেশে পৌঁছেছে

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ইতালির রাজধানী রোমে হত্যাকাণ্ডের শিকার নোয়াখালীর কোম্পানীগঞ্জের একই পরিবারের তিন বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ পৌঁছায়।

বাদ মাগরিব কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে। নিহতরা হলেন কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী (৩৮) ও তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের একমাত্র ছেলে অয়ন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাতে ইতালির রোমের ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে ছুরিকাঘাতে বাবুল, তার স্ত্রী ও মেয়ে নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় তাদের ছেলে অয়নকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

গত ১১ আগস্ট রোমের ক্যাসালোত্তি এলাকায় নিহত তিনজনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। নিহত বাবুলের চাচাতো ভাই অ্যাডভোকেট ইউনুস বলেন, তারা ইতালিতে থাকা স্বজনদের মাধ্যমে হত্যাকাণ্ডের খবর জানতে পারেন। তিনি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত শাহাদাতকে আইনের আওতায় না আনার বিষয়ে বিস্ময় প্রকাশ করেন।

এদিকে, হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে ইতালির পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত বাবুলের বাবা সিরাজুল ইসলাম বলেন, তিনি তার ছেলে, বউমা ও নাতনির হত্যার বিচার চান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top