সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রথম মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিকেল ৩টার দিকে দ্বিতীয় মনোনয়নপত্রও জমা দেন জোটের নেতারা।
আইনে একই প্রার্থীর পক্ষে একাধিক মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে অল্প সময়ের ব্যবধানে দুটি মনোনয়নপত্র জমা দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে কৌতূহল সৃষ্টি হয়েছে। ১১–দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান, মনোনয়নপত্রে কোনো ত্রুটি বা আইনি জটিলতা যাতে না থাকে, সে কারণেই দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেনও একই ব্যাখ্যা দিয়েছেন। তার মতে, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরাই ভোট দেবেন এবং তাঁদের মধ্য থেকেই প্রস্তাবক ও সমর্থক হতে হবে।
নির্বাচন কমিশন ও রাজনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, প্রথম মনোনয়নপত্রে অলি আহমদের জাতীয় পরিচয়পত্রে নামের সঙ্গে কিছু গরমিলের বিষয় সামনে আসে। এ কারণে দ্বিতীয় মনোনয়নপত্র জমা দেওয়া হয়। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, প্রথম মনোনয়নপত্র বৈধ হলে দ্বিতীয়টি যাচাই করার প্রয়োজন হবে না।
বৃহস্পতিবার বিকেল ৪টায় রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়। মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে, এর মধ্যে অলি আহমদের পক্ষে দুটি এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি মনোনয়নপত্র রয়েছে। নির্বাচন কমিশন আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই করবে।