সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক চট্টগ্রামের মিরসরাইয়ে সিএনজি অটোরিকশা চোরচক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে। স্থানীয়রা তাদেরকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানোর মাধ্যমে শাস্তি দিয়েছেন।
এ ঘটনা ঘটে উপজেলার মিঠাছড়া বাজারের গাংচিল ফিলিং স্টেশন এলাকায় বুধবার রাতে। আটককৃতদের মধ্যে দুইজনের নাম-পরিচয় জানা গেছে, তারা হলেন বারইয়ারহাট এলাকার বেলাল হোসেন ও পূর্ব মোটবাড়িয়া এলাকার রিফাত হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনদিন আগে তিন সদস্যের একটি চক্র মিঠাছড়া বাজার এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি করে নিয়ে যায়। পরে স্থানীয়রা সিসিটিভি ফুটেজ দেখে চক্রটির সদস্যদের শনাক্ত করেন এবং গতকাল রাতে তাদের আটক করেন।
স্থানীয় যুবদল নেতা আমজাদ হোসেন বাবু বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে অপরাধীদের সংশোধনের সুযোগ দিতে এবং শারীরিক নির্যাতন না করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা নুর হোসেন মিয়া জানান, চক্রটি দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত ছিল। বুধবার তাদের হাতেনাতে আটক করা হয় এবং কোনো ধরনের আঘাত না করে তওবা পড়িয়ে নামাজ আদায়ের সুযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, মিঠাছড়া এলাকায় চোর আটক করে নামাজ পড়ানোর বিষয়ে তারা অবগত নন এবং এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগও করেননি।