খাগড়াছড়িতে ২৪টি গুইসাপ উদ্ধার, এক নারী আটক

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার করেছে বন বিভাগের একটি টহল দল। এ সময় এক নারীকে আটক করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেনের নেতৃত্বে টহল দলটি সন্দেহজনক পাঁচটি বস্তায় তল্লাশি চালায় এবং সেখান থেকে ২৪টি গুইসাপ উদ্ধার করে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গুইসাপের মধ্যে ১৪টি আগেই মারা গিয়েছিল। বাকি ১০টি জীবিত গুইসাপ উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।

আটক নারী প্রেমস্রাসো মারমা (৪৭) জানান, তিনি পানছড়ির বাসিন্দা এবং চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারৈয়ারহাট থেকে ১০ হাজার টাকায় ২৪টি গুইসাপ কিনে এনেছিলেন বিক্রির জন্য। তিনি জানান, খাগড়াছড়িতে প্রতি কেজি গুইসাপের মাংস ৪০০ টাকায় বিক্রি হয়।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, উদ্ধার হওয়া জীবিত ১০টি গুইসাপ রাতেই আলুটিলা সংলগ্ন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে এবং মৃত ১৪টি গুইসাপ মাটিতে পুঁতে ফেলা হয়েছে। আটক নারীর বিরুদ্ধে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২’ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top