সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বাংলাদেশ সরকার খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ন্যানো প্রযুক্তির দিকে ঝুঁকছে। বিশ্বব্যাপী সারের সংকট ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে কৃষকের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে ন্যানো ফার্টিলাইজার ব্যবহারের গুরুত্ব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী সম্প্রতি জাতীয় সংসদে ন্যানো সারের প্রয়োগ বৃদ্ধি, গবেষণা জোরদারকরণ এবং মাঠ পর্যায়ে দ্রুত প্রবর্তনের জন্য নীতিগত নির্দেশনা দিয়েছেন। এর পর কৃষি মন্ত্রণালয় ন্যানো ফার্টিলাইজার বিশ্লেষণ ও গবেষণার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ইতিমধ্যেই ন্যানো সার নিয়ে পাইলট প্রজেক্টের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ন্যানো সারের কার্যক্রম পরিচালনার জন্য একটি বিশেষ ‘ন্যানো সেল’ গঠন করেছে।
দেশের শীর্ষস্থানীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো ন্যানো সারের বৈজ্ঞানিক টেস্ট ট্রায়াল সম্পন্ন করেছে। আন্তর্জাতিক কৃষি খাতে গত কয়েক বছরে ন্যানো প্রযুক্তির ফার্টিলাইজার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
বাংলাদেশে প্রতি বছর রাসায়নিক সার আমদানিতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। ন্যানো ইউরিয়ার ব্যবহার কৃষকের জন্য খরচ কমাতে সহায়ক হতে পারে। কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, ন্যানো সার ব্যবহার কৃষকের উৎপাদন খরচ অর্ধেকে নামিয়ে আনতে এবং সরকারি ভর্তুকির চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।