সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশাপ নেতৃত্ব দেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে শিল্প, অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি এবং স্বাস্থ্যসেবার মতো খাতগুলোয় মার্কিন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।
হুমায়ুন কবির মার্কিন প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক বিদ্যমান। তিনি আশ্বস্ত করেন যে, সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ধাপ পার করছে, যা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।
অতুল কেশাপ বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। উভয় পক্ষই দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল ও টেকসই করতে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে অংশীদারত্ব গভীর করার প্রয়োজনীয়তা নিয়ে একমত হন।