চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক চাঁদপুরের মতলব দক্ষিণে মোবাইল ফোন চুরির সন্দেহে মো. তারেক ঢালী (১৮) নামে এক যুবককে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তারেককে নারিকেল গাছের ডাল দিয়ে পেটানোর পাশাপাশি মাথায় গামছা বেঁধে গরম পানি ঢালা হয়। প্রায় ৬-৭ ঘণ্টা ধরে এই নির্যাতন চলার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের দক্ষিণ পাড়া প্রধানীয়া বাড়িতে। এ ঘটনায় সফিক প্রধান (৩৫) নামে একজনকে বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় আটক করেছে পুলিশ।

আহত তারেক ঢালী ওই গ্রামের মৃত জাকির হোসেন ঢালীর ছেলে এবং ঢাকায় চাকরি করেন। তার ছোট ভাই মো. রাসেলও (১৩) তার সঙ্গে কাজ করে। অভিযোগ রয়েছে, মঙ্গলবার ভোরে পাশের প্রধানীয়া বাড়ির আল-আমীন, সফিক, তানিম ও মোতালেব তাকে ঘুম থেকে তুলে নিয়ে যান।

তারেকের মা খুকী বেগম অভিযোগ করেন, মোবাইল ফোন চুরির সন্দেহে তার ছেলেকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। তিনি বলেন, ‘আমার ছেলেকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যায়। পরে মোবাইল চুরির কথা বলে সন্দেহের বশে গাছের সঙ্গে বেঁধে পিটায়।’

স্থানীয় নবী উল্লাহ পাটোয়ারী বলেন, তারেক ও তার ভাই ঢাকায় শহীদুল্লাহ হলের ক্যান্টিনে কাজ করেন। তিনি অভিযোগ করেন, তারেককে হত্যার উদ্দেশ্যে ঘর থেকে তুলে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন তিনি। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সফিক প্রধানকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top