সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক রাজশাহী জেলার ভোলাহাট উপজেলার কাঠমিস্ত্রি নাসিমুল হক ৪৫ বছর বয়সে এসএসসি পরীক্ষায় পাস করেছেন। তিনি ২০২৪ সালে রাজশাহী কমার্স কলেজ (ভোকেশনাল) থেকে জিপিএ-৪.৬২ পেয়ে সফলতার সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হন।
২০০২ সালে প্রথমবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেন নাসিমুল। এরপর দারিদ্র্যের কারণে তার পড়ালেখা থেমে যায় এবং তিনি কাঠমিস্ত্রির কাজ শুরু করেন। তবে, শিক্ষার প্রতি তার আগ্রহ কখনো কমেনি।
নাসিমুল বর্তমানে ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতেও যুক্ত ছিলেন। শিক্ষাগত সনদ না থাকায় একসময় সভাপতির পদ থেকে বঞ্চিত হন, যা তাকে আরও বেশি অনুপ্রাণিত করে।
নাসিমুল হক বলেন, “আমি ওই দিনের কষ্ট ভুলতে পারিনি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোনো মূল্যে সনদ অর্জন করব।” তার এই সাফল্যে পরিবারের সদস্যরা উচ্ছ্বসিত। তার স্ত্রী মোসা. ফাতেমা বেগম জানান, “তিনি দিনে কাজ করেছেন, রাতে পড়াশোনা করেছেন। আমি খুব খুশি।”
গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আলী বলেন, “নাসিমুলের সাফল্য সমাজের ঝরে পড়া মানুষের জন্য একটি অনুপ্রেরণা।” তিনি জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নাসিমুলকে শিগগিরই সংবর্ধনা দেওয়া হবে এবং তার পড়াশোনা চালিয়ে যেতে সব ধরনের সহযোগিতা করা হবে।