সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক সুনামগঞ্জের দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই শিশুসন্তানকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। অভিযুক্ত কামরুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) সকালে সুনামগঞ্জের পৃথক স্থান থেকে নিহত দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো কামরুল মিয়ার ছেলে মুহাদ্দিস মিয়া (৭) ও মেয়ে তুলনা আক্তার (৪)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কামরুল শুক্রবার বেড়ানোর কথা বলে দুই সন্তানকে নিয়ে সিলেটে যান। দুই দিন অবস্থান শেষে বাড়ির উদ্দেশে রওনা হলে ফেরার পথে তিনি সন্তানদের পানিতে ফেলে দেন।
সোমবার রাতে কামরুল সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করে সন্তানদের নিখোঁজের নাটক সাজান। তবে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে কামরুল দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন। মঙ্গলবার ও বুধবার পৃথক স্থানে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়। দিরাই থানার ওসি আমিনুল ইসলাম জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং কামরুলকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।