মাদক সমাজকে ধ্বংস করে: গণপূর্তমন্ত্রীর বক্তব্য

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, মাদক শুধু একটি ব্যক্তি কিংবা পরিবারকে নয় বরং গোটা সমাজকে ধ্বংস করে দেয়। তিনি মঙ্গলবার (১১ আগস্ট) কুমিল্লা টাউন হল মাঠে জেলা পুলিশ আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তিনি জানান, শিগগিরই মাদকের বিরুদ্ধে কঠোরতম আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। কিশোর ও যুবক সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে মুক্ত করতে সচেতনতামূলক কার্যক্রম চালানোর পাশাপাশি আইনের সঠিক প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে প্রতিটি নির্বাচনী সভায় মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমানে মন্ত্রী হিসেবে তিনি একই অবস্থান বজায় রেখেছেন। কুমিল্লা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী সীমান্তের মাধ্যমে মাদক চোরাচালান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, কুমিল্লাকে মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেওয়া হবে না। মাদক নির্মূলে সামাজিকভাবে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালির সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী, জেলা প্রশাসক রোজী আকতার, সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top