সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়াকে মোবাইল ফোনে হুমকি দিয়েছেন রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ। সোমবার (১০ আগস্ট) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কলরেকর্ডে এই হুমকির প্রমাণ পাওয়া যায়।
কলরেকর্ডে পলাশ দাবি করেন, পৌর বিএনপির সেক্রেটারি হতে ৫০ লাখ টাকা খরচ করেছেন। তিনি মারুফকে বলেন, ‘তোরা কেউ পৌরসভায় আসবি না।’ পলাশের ক্ষোভের কারণ ছিল পানিওয়ালা নামক একটি স্কুলের অনুষ্ঠানে মারুফকে বিশেষ অতিথি হিসেবে এবং অন্য একজনকে প্রধান অতিথি করা।
অডিওতে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়, যেখানে কিছু অশ্রাব্য শব্দও ব্যবহৃত হয়। পলাশ বলেন, ‘সাংগঠনিক রাজনীতি যদি না বোঝেন, তাহলে করবেন না।’
এ বিষয়ে মারুফ ভূঁইয়া ঘটনাটি স্বীকার করেছেন, তবে তিনি দাবি করেন যে অডিওটি পুরোনো এবং সিনিয়র নেতাদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।
পলাশের মোবাইল ফোনে বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। তবে তার এক ঘনিষ্ঠ নেতা জানিয়েছেন, রাগের বশবর্তী হয়ে পলাশ ওই কথাগুলো বলেছিলেন এবং বর্তমানে তাদের মধ্যে কোনো বিরোধ নেই।
২০২৫ সালের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কাউন্সিলে গিয়াস উদ্দিন পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে এই ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।