ইসলাম গ্রহণের কারণে দুই বোনকে আটকে রাখার অভিযোগে বাবাকে ভর্ৎসনা, মুক্তির নির্দেশ আদালতের

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ইসলাম ধর্ম গ্রহণ করায় দুই প্রাপ্তবয়স্ক মেয়েকে আটকে রাখার অভিযোগে ভারতের আগ্রার এক বাবাকে ভর্ৎসনা করেছেন এলাহাবাদ হাইকোর্ট। আদালত দুই বোনকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং তাদের ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন।

আদালত বলেছেন, সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের ধর্মীয় বিশ্বাস বা ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে বাবা-মায়ের পছন্দ না হওয়ার কারণে আটকে রাখার কোনো সাংবিধানিক অধিকার নেই। ৩৫ ও ২০ বছর বয়সী দুই বোন ২০২০ ও ২০২১ সালে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর তারা বাড়ি থেকে বেরিয়ে কলকাতায় চলে যান।

পুলিশ জানায়, দুই বোনকে কলকাতা থেকে উদ্ধার করে তাদের বাবার কাছে হস্তান্তর করা হয়। আদালতে দেওয়া জবানবন্দিতে তারা অভিযোগ করেন, ইসলাম ধর্ম গ্রহণের কারণে তাদের বাবা বাড়িতে আটকে রেখেছিলেন এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন।

বিচারপতি সন্দীপ জৈন বলেন, কোনো বাবা-মা তাদের প্রাপ্তবয়স্ক সন্তানদের ধর্ম, বিশ্বাস বা ব্যক্তিগত পছন্দের সঙ্গে একমত না হওয়ার কারণে আটকে রাখতে পারেন না। আদালত আরও বলেন, রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব নাগরিকের জীবন ও স্বাধীনতা রক্ষা করা।

হাইকোর্ট দুই বোনকে মুক্তি দেওয়ার পাশাপাশি বাবা ও উত্তরপ্রদেশ সরকারকে যৌথভাবে ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। আদালত স্পষ্ট করে দিয়েছে, মূল মামলার তদন্ত আইন অনুযায়ী চলবে এবং আদালতের পর্যবেক্ষণ তদন্তে কোনো প্রভাব ফেলবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top