শিক্ষামন্ত্রীকে ডাকসু নেতা জুবায়েরের প্রতিবাদ: ‘জনগণকে আশরাফুল ভাবা বন্ধ করুন’

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, জনগণকে ‘আশরাফুল ভাবা’ বন্ধ করার আহ্বান জানান। তিনি মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এনটিআরসিএ-এর মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবিতে আয়োজিত এক ছাত্র জমায়েতে এ মন্তব্য করেন।

জুবায়ের শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলেন, শিক্ষামন্ত্রী একটি সিদ্ধান্ত নেওয়ার পর ছাত্র-জনতার প্রতিবাদ দেখে সেটিকে গুজব বলা গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, গত ৩ আগস্ট অনুষ্ঠিত একটি সভায় শিক্ষামন্ত্রী নিজে উপস্থিত ছিলেন এবং তাঁর সম্মতিতেই এনটিআরসিএ-এর নিয়োগসংক্রান্ত ক্ষমতা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, “এখন থেকে এনটিআরসিএ শুধু শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়নের কাজ করবে, নিয়োগের সুপারিশ করবে না।” জুবায়ের ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিরোধিতা করে বলেন, এতে অর্থ লেনদেন ও রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগের সুযোগ তৈরি হবে।

জুবায়ের শিক্ষামন্ত্রীর কাছে স্পষ্টভাবে সিদ্ধান্তটি প্রত্যাহারের দাবি জানান এবং বলেন, “আমরা আন্দোলন করতে চাই না, বক্তব্য দিতে চাই না, চিল্লাপাল্লা করতে চাই না। আমরা স্পষ্ট ক্লিয়ারেন্স চাই।” তিনি শিক্ষামন্ত্রীকে সতর্ক করে বলেন, “এমন কোনো ভুল করবেন না, যে ভুল করলে মৌমাছির চাকে ঢিল ছোড়ার যে পরিণতি, সেই পরিণতি বরণ করতে হবে।”

সমাবেশ শেষে জুবায়ের অবিলম্বে ম্যানেজিং কমিটি ও গভর্নিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের উদ্যোগ বন্ধ করার এবং শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top