সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক পঞ্চগড়ে ভাতার তালিকায় মসজিদের ইমাম-মুয়াজ্জিনের নাম অন্তর্ভুক্ত করার বিনিময়ে ৩০ হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযোগকারী হাসনুর রশিদ জানান, তিনি মোলানি পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ও সানি ইমাম হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। সরকারের পক্ষ থেকে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দেওয়ার উদ্যোগের কথা জানার পর আব্দুল খালেকের সঙ্গে আলোচনা করেন।
হাসনুর রশিদ অভিযোগ করেন, আব্দুল খালেক ও তার ছেলে সাজ্জাদুর রহমান আকাশসহ কয়েকজন তার বাড়িতে গিয়ে মসজিদের চাবি ফেরত চান এবং পরে জানতে পারেন যে, তার নাম বাদ দিয়ে তালিকা সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, আব্দুল খালেক ও আইবুল হক প্রথমে ৩০ হাজার টাকা দাবি করেন এবং পরে ১০ হাজার টাকায় তার নাম তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন।
হাসনুর রশিদ শুক্রবার (৭ আগস্ট) পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর পঞ্চগড় সদর উপজেলা বিএনপির নেতারা সরেজমিন তদন্ত করেন এবং প্রাথমিক সত্যতা পাওয়ার পর সোমবার (১০ আগস্ট) আব্দুল খালেকের বিরুদ্ধে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।