১০ বছর পর ‘রাজেপুর’ শব্দে ফিরে এলেন নিখোঁজ শ্যাম সিং

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ভারতের উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় ১০ বছর ধরে নিখোঁজ থাকা এক প্রবীণ ব্যক্তির সন্ধান মিলেছে। তার নাম শ্যাম সিং, যিনি মানসিক ভারসাম্যহীনতার কারণে ১০ বছর আগে উত্তর প্রদেশের ফারুকাবাদ থেকে হারিয়ে যান।

শ্যাম সিংয়ের পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে তার খোঁজ করা হলেও কোনো সাফল্য মেলেনি। তিনি আলমোড়ার তাডিতে ও মাঝখালি এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন, কিন্তু স্থানীয় বাসিন্দারা তার পরিচয় জানতেন না।

মাঝখালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিনোদ ফার্ডিয়াল জানান, শ্যাম সিংকে তারা বেশ কয়েক বছর ধরে জরাজীর্ণ অবস্থায় দেখছিলেন। তার পরিচয় জানার জন্য পুলিশ চেষ্টা করলেও তিনি কিছু বলতে পারছিলেন না।

একপর্যায়ে পুলিশ তাকে একটি কলম ও ডায়ারি দেয়। সেখানে শ্যাম সিং ‘রাজেপুর’ শব্দটি লেখেন, যা তার পরিচয় উন্মোচনে সহায়ক হয়। পুলিশ দ্রুত ফারুকাবাদের রাজেপুর থানায় যোগাযোগ করে এবং তার পরিবারের সন্ধান পায়।

শ্যাম সিংয়ের পরিবারের সদস্যরা খবর পেয়ে আলমোড়ার মাঝখালি পুলিশ ফাঁড়িতে পৌঁছান। ১০ বছর পর বাবাকে ফিরে পেয়ে তারা আবেগাপ্লুত হন এবং আলমোড়া পুলিশকে তাদের আন্তরিক চেষ্টার জন্য ধন্যবাদ জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top