সাতক্ষীরায় এনসিপির জেলা কমিটি প্রত্যাখ্যান, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দলের স্থানীয় নেতাকর্মীরা। তাঁরা অনুমোদিত জেলা কমিটিকে ‘অস্বচ্ছ’ ও ‘একপেশে’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে কমিটি পরিবর্তন না হলে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার (১০ আগস্ট) বিকেলে সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়ের আল-বারাকা হোটেলে আয়োজিত পৃথক কর্মসূচিতে জেলা জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা নিজেদের অবস্থান তুলে ধরেন। তাঁরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি না থাকলেও অনেকেই বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন, কিন্তু সম্প্রতি প্রকাশিত কমিটিতে তাঁদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।

নেতাকর্মীদের মতে, এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নয়, বরং ‘প্রশ্নবিদ্ধ সাংগঠনিক প্রক্রিয়ার’ বিরুদ্ধে নীতিগত প্রতিবাদ। তাঁরা দাবি করেন, পদ-পদবি ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে নয়, বরং ত্যাগ, যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে নির্ধারণ করা উচিত।

এদিকে, একই স্থানে জাতীয় ছাত্রশক্তির জেলা শাখাও এনসিপির জেলা আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করেছে। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় কমিটির অনুমোদিত কমিটি ‘একপেশে ও পকেট কমিটি’ হিসেবে গঠন করা হয়েছে এবং মাঠপর্যায়ের ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।

দুই পক্ষের দেওয়া পৃথক বক্তব্যে নতুন জেলা কমিটির গঠন ও নেতৃত্ব নির্বাচন নিয়ে অসন্তোষের বিষয়টি উঠে এসেছে। তবে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব বা অনুমোদিত জেলা কমিটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। নেতাকর্মীরা সতর্ক করেছেন যে, দলীয় আদর্শ ও সাংগঠনিক স্বচ্ছতা নিশ্চিত না হলে সাতক্ষীরায় দলের কার্যক্রম ব্যাহত হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top