সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ২০২৬ সালের নির্বাচনে প্রাণহানি ও সহিংসতা অন্যান্য নির্বাচনের তুলনায় কম হয়েছে। তবে তিনি জানান, নির্বাচনী পদ্ধতিতে সংস্কার না আনলে সহিংসতা ও অনিয়ম ভবিষ্যতে আরও বাড়বে।
সোমবার (১০ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইপিডি (ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি) ও ‘অধিকার’ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত স্টেকহোল্ডার ডায়লগে তিনি এ মন্তব্য করেন।
ডায়ালগে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি নেতা রুহুল কবির রিজভী, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা শারমিন এস মুরশিদ, জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিব মোমেন, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, এনসিপি নেত্রী মুনিরা শারমিন এবং নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম।
মঞ্জু বলেন, যদি নির্বাচনের আগেই ক্ষমতায় আসার ধারণা তৈরি হয়, তাহলে নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসন নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবে না। তিনি অভিযোগ করেন, বিএনপি ও জামায়াত নির্বাচনে প্রভাব বিস্তার করেছে।
তিনি সরকারের পাশাপাশি বিরোধী দলের প্রতি সমাধানমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং ক্যাম্পাসে সরকারি ছাত্রসংগঠনের সন্ত্রাস ও বিরোধী ছাত্র সংগঠনগুলোর প্রতিরোধের প্রসঙ্গ তুলে ধরেন।