এসএসসিতে ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার ৬২.২৫ শতাংশ

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশে নেমে এসেছে, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০০৭ সালের পর এবারই সবচেয়ে কম শিক্ষার্থী পাস করেছে।

গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার ৬ দশমিক ২ শতাংশ পয়েন্ট কমেছে। এবার এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা মোট পাস করা শিক্ষার্থীর ১০ দশমিক ২৪ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৩৯ হাজার ৩২ জন।

২০২১ সালে দেশে রেকর্ড ৯৩ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী এসএসসি পাস করেছিল। এবারের পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী, তাদের মধ্যে পাস করেছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২০ মে। ফল প্রকাশ করা হয় সোমবার সকাল ১০টায়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, তাদের মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করেছে। মেয়েদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ, যেখানে ছেলেদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ।

যেসব পরীক্ষার্থী ফল নিয়ে সন্তুষ্ট নন, তারা মঙ্গলবার থেকে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top