ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ না নিয়ে অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। তিনি মার্কিন সংবাদমাধ্যম আক্সিওসের সঙ্গে এক ফোনালাপে জানান, তারা বিষয়টি নিয়ে ধীরে সুস্থে এগোচ্ছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলকে সঙ্গে নিয়ে যুদ্ধ শুরুর পর ট্রাম্প ইরানকে কঠোর আক্রমণের হুমকি দিলেও পরে তা থেকে পিছিয়ে আসেন। আক্সিওসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চুক্তি ঝুলিয়ে রাখায় ট্রাম্প কোনো অসন্তোষ প্রকাশ করেননি।

ইরান গত জুনে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী মার্কিন অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছে। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে মন্দা এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ট্রাম্প প্রশাসন চাপের মুখে রয়েছে।

ট্রাম্প মন্তব্য করেছেন, তারা ইরানের সঙ্গে আংশিক আলোচনা করছেন এবং দেশটির অর্থনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে থাকায় মার্কিন ভোক্তারা যুদ্ধের প্রভাব কম অনুভব করছেন বলে দাবি করেন তিনি।

সমগ্র পরিস্থিতিকে দাবার চালের সঙ্গে তুলনা করে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেন যে, শেষ পর্যন্ত সবকিছুরই একটি সমাধান বেরিয়ে আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top