সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় একটি কোম্পানির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিন জামায়াতে ইসলামীর নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার ময়মনসিংহ জেলা জজ আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে উপস্থিত জামায়াতের নেতারা হলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক এবং কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ। আদালতের পুলিশ পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, আসামিরা জামিন আবেদন করেন, কিন্তু বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, কাহালগাঁও বাজারের পাশে সিপি বাংলাদেশ কোম্পানিতে লেয়ার মুরগি লালন-পালন করা হচ্ছে। চলতি বছরের ৭ এপ্রিল রাতে মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় হামলার মধ্যে হাতবোমা বিস্ফোরণ, ব্যাংকের তালা ভেঙে টাকা লুট এবং প্রাইভেটকার, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন ৮ এপ্রিল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন।