সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ‘হেয় করার জন্য সংঘবদ্ধ ও চলমান প্রচেষ্টা’ চলছে বলে অভিযোগ করেছে। শনিবার (৮ আগস্ট) ফিফা এক বিবৃতিতে দাবি করেছে, ইনফান্তিনোকে ঘিরে সম্প্রতি প্রকাশিত কিছু অভিযোগ ‘ভিত্তিহীন’ এবং ‘মিথ্যা’ রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইনফান্তিনো উয়েফার মহাসচিব থাকাকালে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন এবং ওই নারীকে পরে উয়েফা থেকে আর্থিক সুবিধাসহ চাকরি দেন। তবে ফিফার এক মুখপাত্র টেলিগ্রাফকে জানিয়েছেন, ইনফান্তিনো অভিযোগগুলো ‘দৃঢ়ভাবে অস্বীকার’ করেছেন এবং এগুলো ‘সম্পূর্ণ অসত্য’ বলে মন্তব্য করেছেন।
ফিফার বিবৃতিতে বলা হয়েছে, ‘ভিত্তিহীন দাবি এবং স্পষ্টতই মিথ্যা তথ্য’কে সত্য হিসেবে উপস্থাপন করা উচিত নয়। সংস্থাটি আরও উল্লেখ করেছে, ‘অনুমান ও ইঙ্গিতকে কখনোই তথ্য হিসেবে তুলে ধরা উচিত নয়।’
ইনফান্তিনোকে ঘিরে বিতর্কের মধ্যে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) পরিকল্পনা সবচেয়ে বড় বিষয় হয়ে উঠেছে। যদিও সেটি স্থগিত হয়ে গেছে, ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং ইউরোপের বিভিন্ন ফুটবল ফেডারেশনের সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। উয়েফা জানিয়েছে, তারা ইনফান্তিনোর ওপর আস্থা হারিয়েছে।
এদিকে, ফিফার বিভিন্ন অনুষ্ঠানে বয়কট করার হুমকি এখনও প্রত্যাহার করেনি উয়েফা। তারা জানিয়েছে, এফএফই পরিকল্পনাটি ভবিষ্যতে আবারও ফিরিয়ে আনা হবে না; এমন নিশ্চয়তাও তারা এখনো পায়নি।