সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষক আরিফুল ইসলাম (৩২) কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। হামলার ৮ দিন পরও তিনি জ্ঞান ফেরেননি এবং বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটে ১ আগস্ট, দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকায়। আহত আরিফুল ইসলাম লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং আবু বক্কর সিদ্দিকের ছেলে। তার বাবা অভিযোগ করেছেন যে, ছয়জন অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসায়ীসহ ১০ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রহিদুল ইসলাম, হাসান আলী ও মাসুদ আলীসহ কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে ওই এলাকায় অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন। তারা এলাকার অনেককে জুয়ার সঙ্গে জড়িয়ে সর্বস্বান্ত করেছেন। অভিযোগ রয়েছে, জুয়ার টাকা পরিশোধ করতে না পেরে কেউ কেউ পালিয়ে গেছেন।
আরিফুল ইসলাম সচেতন নাগরিক হিসেবে ওই যুবকদের জুয়া থেকে বিরত থাকতে নিষেধ করেছিলেন এবং পুলিশকে জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। এর পরই হামলার শিকার হন তিনি। হামলার সময় তাকে লোহার রড দিয়ে পেটানো হয় এবং ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আবু বক্কর সিদ্দিক জানান, তার ছেলের অবস্থা আশঙ্কাজনক এবং চিকিৎসকরা বলেছেন যে, তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন। মামলার পর সাত দিন পার হলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব জানান, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।