লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর অবসর সুবিধা প্রদানে ২ হাজার কোটি টাকার বরাদ্দ

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক লক্ষাধিক এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা চার বছরের বেশি সময় ধরে অবসর ও কল্যাণ ট্রাস্টের পাওনা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাদের মধ্যে অনেকেই ঋণে জর্জরিত হয়ে পড়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান অবশেষে এই শিক্ষকদের পাশে দাঁড়িয়ে তাদের অবসর ও কল্যাণের টাকা পরিশোধের জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১৫ আগস্ট থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা একযোগে এই টাকা পাবেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী এই কর্মসূচির উদ্বোধন করবেন।

এ উদ্যোগের আওতায় অবসর সুবিধা বোর্ডের ৭০ হাজার এবং কল্যাণ ট্রাস্টের ৪৪ হাজার শিক্ষক-কর্মচারী অর্থ পেতে পারেন। শিক্ষামন্ত্রী ১৩ আগস্ট সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। এবার প্রথমবারের মতো ‘আইবাস প্লাস প্লাস’ সফটওয়্যারের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হবে।

গত ১৭ বছরে অবসর ও কল্যাণ সুবিধার টাকার একটি বড় অংশ শিক্ষকদের কাছ থেকেই নেওয়া হয়েছে। তবে বাজেটে বরাদ্দ না দেওয়ার কারণে অবসর বোর্ডে প্রতি মাসে ঘাটতি ছিল। এর ফলে শিক্ষক-কর্মচারীদের আবেদন জমা বাড়তে থাকে।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদান করতে হবে। কিন্তু বাস্তবে সেই নির্দেশ মানা হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগ শিক্ষক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top