শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম: এমপি এনামুলের বক্তব্য

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম আজ শনিবার দুপুরে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সহকারী প্রাথমিক শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনাসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেন, একজন শিক্ষক আন্তরিক ও নিষ্ঠাবান হলে একটি প্রজন্মকে আলোকিত করা সম্ভব।

এমপি এনামুল উল্লেখ করেন, শিশুর হাতে বই তুলে দেওয়ার মধ্য দিয়েই একজন শিক্ষকের দায়িত্ব শেষ হয় না। শিক্ষকের ওপর মেধা, মনন, নৈতিকতা ও ভবিষ্যতের ভিত গড়ে তোলার গুরুদায়িত্বও বর্তায়। তিনি বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার প্রাথমিক শিক্ষার ভিত্তির ওপর।

তিনি আরো বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শুধু পাঠদান করেন না, তারা একটি শিশুর স্বপ্ন, নৈতিকতা ও ভবিষ্যৎ গড়ে দেন। তাই মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এনামুল হক বলেন, বিদ্যালয়ের ভবন, অবকাঠামো কিংবা আধুনিক সরঞ্জাম দিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দক্ষ, প্রশিক্ষিত ও দায়িত্বশীল শিক্ষক। একজন শিক্ষক যদি নিজের দায়িত্বকে মহান পেশাগত দায়িত্ব হিসেবে গ্রহণ করেন, তাহলে শিক্ষার্থীদের জীবন বদলে দেওয়া সম্ভব।

তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ পরিচালনা করবে। তাদের শুধু ভালো ফলাফল করালেই হবে না, সৎ, মানবিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top