সড়ক দুর্ঘটনায় নিহত হলেন বাউল শিল্পী পেহেলি ভৈরবী

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক সিলেটের বিশ্বনাথে একটি মাজারের অনুষ্ঠানে গান গাওয়ার পর শুক্রবার (৭ আগস্ট) সকালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭ বছর বয়সী বাউল শিল্পী পেহেলি ভৈরবী। তিনি কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডিবের এলাকার বাবুল মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পেহেলি ভৈরবী বৃহস্পতিবার হযরত ছাবাল শাহর (রহ.) মাজারে বাবার সঙ্গে এসে গান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে তিনি বাবার সঙ্গে বাসে করে কিশোরগঞ্জের ভৈরবের গ্রামের বাড়িতে ফিরছিলেন। কিন্তু দুর্ঘটনায় তার আর বাড়ি ফেরা হয়নি।

সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক ও বেঙ্গল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে পেহেলি ভৈরবীসহ নয়জন নিহত হন। তার মৃত্যু গানের আসরের অনেক শ্রোতাকে শোকাহত করেছে।

দুর্ঘটনায় নিহত অন্য আটজনের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার সাইফুল ইসলাম (৫০), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ফাইজা (৩), সোবাহানীঘাট এলাকার সপ্তম রায় প্রিতম (২২), ব্রাক্ষণবাড়িয়ার আবুল হোসেন (৪৪), জৈন্তাপুরের আরমান (১৯), কুমিল্লার সৌরভ (৩৯), ব্রাক্ষণবাড়িয়ার সাইফুল ইসলাম ইমন এবং কিশোরগঞ্জের রুবেল সুত্রধর (৩৭)।

বিশ্বনাথের বাসিন্দা আবুল হোসেন বলেন, “আমি গানের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। তার বেশ কিছু ভিডিও ধারণ করেছি। সকালে শুনি তিনি মারা গেছেন। খুব খারাপ লাগছে শিল্পীর জন্য।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top