চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রামের টিউমার অপসারণ

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক চাঁদপুরের শাহরাস্তিতে ৩৬ বছর বয়সী এক নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করেছেন চিকিৎসকেরা। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারে টিউমারটি অপসারণ করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নারী প্রায় তিন মাস ধরে পেটে ফোলাভাব ও ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার পেটে বড় আকারের টিউমার শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

অস্ত্রোপচারে নেতৃত্ব দেন সার্জন ডা. মো. আরিফ উল হাসান। তাকে সহযোগিতা করেন সার্জন ডা. রেজোয়ানা সুলতানা রাখি ও ডা. মোহাম্মদ জিলানী। অ্যানেসথেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. পান্না লাল সাহা।

অস্ত্রোপচারের পর রোগী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। ডা. মো. আরিফ উল হাসান জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এটি ডা. আরিফ উল হাসানের বড় আকারের টিউমার অপসারণের সাম্প্রতিক ঘটনাগুলোর একটি। এর আগে ২০২৪ সালের এপ্রিল মাসে ৪৫ বছর বয়সী এক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের টিউমার অপসারণ করেন তিনি। চলতি বছরের জুনে ২২ বছর বয়সী আরেক নারীর পেট থেকেও প্রায় ৩ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top