সাভারের তিন ইউপি কেরানীগঞ্জে সংযুক্তির বিরুদ্ধে বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে যানজট

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক সাভারের তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নকে কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে সংযুক্ত করার অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েছেন। শুক্রবার হেমায়েতপুরে কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

বিক্ষোভের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, যা যাত্রীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি হেমায়েতপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন যে, সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার আশ্বাস দিয়ে স্বাক্ষর নেওয়া হয়েছিল। পরে সেই স্বাক্ষরকে ভিত্তি করে ইউনিয়নগুলোকে সাভার উপজেলা থেকে বিচ্ছিন্ন করে কেরানীগঞ্জের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা চলছে।

তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন সরকার বলেন, সাভারের সঙ্গে এই তিন ইউনিয়নের মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কার্যক্রম অঙ্গাঙ্গীভাবে জড়িত। তিনি বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করা হলে তা মেনে নেওয়া হবে না এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।

এদিকে, বিক্ষোভ কর্মসূচির কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে যানবাহনের গতি ধীর হয়ে পড়ে, ফলে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা দীর্ঘ সময় আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয়। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়নগুলোকে কেরানীগঞ্জের সঙ্গে সংযুক্ত করার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top