এক দফা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন: নুরুল হক নুর

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘এক দফা’ কোনো একক ব্যক্তির ঘোষণা নয়, বরং দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, এক দফার বিষয়টি কোনো ব্যক্তি বিশেষের সিদ্ধান্ত থেকে আসেনি। এটি জনগণের রাজনৈতিক ও গণতান্ত্রিক চাওয়ার বহিঃপ্রকাশ। তিনি উল্লেখ করেন, গণঅধিকার পরিষদ এমপি-মন্ত্রী হওয়ার জন্য সরকারের সঙ্গে যায়নি, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের বিকাশের লক্ষ্যেই রাজনীতি করছে।

তিনি তরুণদের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, নতুন প্রজন্মের নেতৃত্বেই বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান বলেন, ৩ আগস্ট শহীদ মিনারে যাওয়ার সময় জনগণ এক দফার সিদ্ধান্ত নিয়েই গিয়েছিল। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক বয়ান তৈরির মাধ্যমে গণঅভ্যুত্থানের মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, মুখপাত্র আবু হানিফ, এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মনজুর মোর্শেদ মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top