রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনে আজ শুক্রবার বিকেলে ভূগর্ভস্থ পানির ট্যাংক পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাব্বির (১৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি মারা গেছেন। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ বিকেল পাঁচটার দিকে সাব্বির তাঁর দলের সঙ্গে গেন্ডারিয়ার ডিস্ট্রিলারি রোডে একটি ভবনের নিচতলায় ভূগর্ভস্থ পানির ট্যাংক পরিষ্কার করছিলেন। একপর্যায়ে সাব্বির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে অচেতন হয়ে যান। পরে সন্ধ্যা সাতটার দিকে সংজ্ঞাহীন অবস্থায় সাব্বিরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।সাব্বিরের সহকর্মী আতাউর রহমান হাসপাতালে প্রথম আলোকে বলেন, পানির ট্যাংকে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে সাব্বির বিদ্যুৎস্পৃষ্ট হন। সেখান থেকে উদ্ধার করে তাঁকে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় ওই হাসপাতাল থেকে পরে তাঁকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।সাব্বিরের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার দুর্গাপুরে। তাঁর বাবা খোকন মিয়া।ঢামেক পুলিশ পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, মৃতদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি গেন্ডারিয়া থানাকে জানানো হয়েছে।Read More: Read More