সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সৌদি আরবের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি দেশটিকে নিরাপত্তা দিতে ও হামলা থেকে বাঁচাতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজায়ি।
শুক্রবার (০৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সৌদি আরবকে তাদের নীতি পরিবর্তনের আহ্বান জানান। রেজায়ি বলেন, সৌদিদের জানা উচিত, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে একটি কাগুজে চুক্তি তাদের নিরাপত্তা দেবে না।
তিনি আরও বলেন, বছরের পর বছর যুক্তরাষ্ট্রের ওপর একতরফা নির্ভরশীলতাও তাদের নিরাপত্তা দিতে পারেনি। রেজায়ি সৌদি আরবকে তাদের নীতি পরিবর্তন করার পরামর্শ দেন, যাতে অন্যদের কাছে নিরাপত্তার জন্য অনুরোধ করতে না হয়।
এর আগে শুক্রবার সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।