সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জ্বালানি খাতের বেসরকারিকরণ এবং আমদানিনির্ভর হওয়ার উদ্যোগ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাধীনতার জন্য হুমকি। তিনি বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে ১১ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এ মন্তব্য করেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, জনগণের অর্থে গড়ে ওঠা রাষ্ট্রীয় সম্পদ করপোরেট গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী রাষ্ট্রীয় ছয়টি কোম্পানিকে বেসরকারি খাতে দেওয়ার বিষয়ে সরকারের আলোচনা চলছে।
তিনি দাবি করেন, গত এক দশকে দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ব্যবহারের হার ৬-৭ শতাংশ থেকে বেড়ে ৩০ শতাংশে পৌঁছেছে, যা দেশীয় জ্বালানি সক্ষমতা দুর্বল হওয়ার ইঙ্গিত দেয়। তিনি সরকারের মিয়ানমার থেকে এলএনজি আমদানির পরিকল্পনাকেও সমালোচনা করেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, অতীতে কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে জনগণের অর্থ অপচয়ের সুযোগ তৈরি হয়েছিল। এখন তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের মাধ্যমে জাতীয় সম্পদ করপোরেট গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে, যা দেশের অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
তিনি দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে বিনিয়োগ বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের স্বার্থবিরোধী জ্বালানি নীতির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা প্রয়োজন। অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি ও অন্যান্য নেতৃবৃন্দ।