সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সন্তান মা-বাবার থেকে দূরে সরে যায়। একসময় যে সন্তান প্রতিদিনের গল্প মা-বাবার সঙ্গে ভাগাভাগি করত, এখন সে নিজের অনুভূতি লুকিয়ে রাখে এবং পরিবারের চেয়ে বন্ধুদের প্রতি বেশি গুরুত্ব দেয়। এই পরিবর্তন নিয়ে অনেক মা-বাবা চিন্তিত হয়ে পড়েন।
বিশেষজ্ঞদের মতে, বয়ঃসন্ধিকাল ও কৈশোরে সন্তানদের মধ্যে এমন পরিবর্তন স্বাভাবিক। তবে কিছু আচরণ ও পারিবারিক পরিবেশ এই দূরত্বকে বাড়িয়ে দিতে পারে। সন্তানকে নিয়ন্ত্রণ করা, বারবার বকাঝকা করা বা গোপনে তার গতিবিধি পর্যবেক্ষণ করলে সে মানসিকভাবে দূরে সরে যেতে পারে।
মা-বাবার মধ্যে মতবিরোধ বা ঘন ঘন ঝগড়া সন্তানের মনে নিরাপত্তাহীনতা তৈরি করে। কৈশোরে বন্ধুদের গুরুত্ব বেড়ে যায়, ফলে অনেক সময় সন্তান পরিবার থেকে দূরে সরে যায়। এছাড়া, পড়াশোনা, সম্পর্ক, মানসিক চাপ বা মাদকাসক্তি সম্পর্কিত সমস্যা থাকলেও সন্তানদের আচরণে পরিবর্তন আসতে পারে।
সন্তানের সঙ্গে সম্পর্ক মজবুত রাখতে ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ জরুরি। মা-বাবাকে সন্তানের ব্যক্তিগত পরিসরকে সম্মান করতে হবে এবং খোলামেলা যোগাযোগের মাধ্যমে সম্পর্কের দূরত্ব কমানোর চেষ্টা করতে হবে।
সন্তানের সঙ্গে মানসম্মত সময় কাটানো, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং পরিবারের সঙ্গে বিশেষ দিনগুলো উদযাপন করা সম্পর্কের উন্নয়নে সহায়ক হতে পারে। পারস্পরিক বোঝাপড়া ও আস্থার মাধ্যমে সম্পর্কের দূরত্ব কমানো সম্ভব।