প্রেমিকার বিয়ের দিন আত্মহত্যা, রাকিবের ফেসবুক পোস্টে আবেগঘন বার্তা

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক সিরাজগঞ্জের কামারখন্দে প্রেমিকার বিয়ের দিন রাকিব প্রামাণিক (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের জটিবাড়ি গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত্যুর আগে রাকিব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন, তার প্রেমিকার পরিবার তাকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিচ্ছে। স্থানীয়রা জানান, রাকিবের পোস্ট দেখে আমবাগানে গিয়ে তার মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।

রাকিবের একটি পোস্টে লেখা ছিল, ‘আমার ভালোবাসা মিথ্যা ছিল না, আমি আর নিতে পারতেছি না, আমাকে ক্ষমা করে দিয়েন সবাই।’ অন্য একটি পোস্টে তিনি তার প্রেমিকার নাম উল্লেখ করে অভিযোগ করেন, ‘তার বাবা-মা জোর করে তাকে বিয়ে দিচ্ছে।’ তিনি মৃত্যুর জন্য প্রেমিকার পরিবারকে দায়ী করেন।

রাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পান। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী জানান, যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

রাকিবের পরিবারের কেউ এ বিষয়ে কথা বলতে চাননি। প্রেমিকার এক আত্মীয় জানান, তিনি রাকিবের সম্পর্কের বিষয়ে জানেন না এবং এ ঘটনার বিষয়ে প্রথমবার শুনছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top